
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: কিছু কিছু মহল বা দল বুঝে হোক আর না বুঝে হোক, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা চায় না দেশে নির্বাচন হোক। কারণ শেখ হাসিনা নিজেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ জেলার উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ কেউ বলেন যে, আমরা শুধু একটি দলকে সরিয়ে অন্য একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছি, তা ঠিক নয়। আমাদের আন্দোলন স্বৈরতন্ত্র হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে, সেই দলই ক্ষমতায় আসবে।
শামসুজ্জামান দুদু বলেন, গত একশো বছরে এমন ভাবে কোন পলাতক ব্যাক্তির ইতিহাস নেই। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে। তার তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেয়া উচিত। দেশনেত্রী খালেদা জিয়া বলেছে, যেকোন ভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্র রক্ষা করতে হলে বিভেদ করা যাবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে না ফিরি। নয়ত আমাদের পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে তারা সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে, এখনও বলছে। আমাদের সবচেয়ে কুলাঙ্গার তথাকথিত প্রধানমন্ত্রী এত টাকা চুরি করেছে যা কেউ করে না। এতগুলে ছেলে মেয়েকে সে গণহত্যা করেছে অথচ তাকে ভারত আশ্রয় দিয়েছে।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ আরও অনেকে।