
সোনারগাঁ প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দল গুলি করে এক প্রবাসীর গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর সেতুর ওপর এ ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আষাড়িয়ারচর সেতু এলাকায় পৌঁছালে তার বহনকারী মাইক্রোবাসটির পথরোধ করে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িতে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ডাকাতদল গাড়িটি ঘিরে ফেলে এবং ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাইক্রোবাসের চালক ফিরোজ মিয়া ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য তাকে গুলি করে, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, ডাকাতি নয় তবে ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুলিবর্ষণের বিষয়ে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে গুলির শব্দ শোনার তথ্য পাওয়া গেছে, তবে বিষয়টি যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।