
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে নবীরের নেতৃত্বে আকিবের ফেন্সিডিলের ব্যবসা রমরমা চলছে। স্থানীয় এলাকাবাসীরা জানান কাচঁপুর এলাকার প্রভাবশালীদের ছত্রছায়া দীর্ঘদিন ধরে চলছে এ মাদকের ব্যবসা।
জানা যায়, উপজেলার কাচঁপুর এলাকা ফেনসিডিলের আড়ত হিসেবে পরিচিত। এখানে ফেনসিডিলের পাশাপাশি ইয়াবা মাদকদ্রব্য খোলামেলা বিক্রি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর এলাকার চেঙ্গাইন রোড সংলগ্ন ফ্যান ফেক্টরীর পিছনে চলে ফেনসিডিলের আদান প্রদানের ব্যবসা। সন্ধ্যা হলেই কাচঁপুর বালুর মাঠে বসে আসর। বিভিন্ন স্থান থেকে যুবকরা মোটর সাইকেল যোগে এসে প্রতিনিয়ত মাদক সেবন করছেন। স্থানীয় যুবকদের পাশাপাশি বহিরাগতরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগেও শুধু বালুর মাঠই ছিল ফেনসিডিল কেনাবেচার নির্দিষ্ট স্থান। বর্তমানে তা ইউনিয়নের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মুঠোফেনে যোগাযোগ করা হলে আকিব-নবীরের কিশোর গং সদস্যরা নির্দিষ্ট স্থানে পৌছে দেন মাদক। কথিত রয়েছে সোনারগাঁ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)কে মাসোহারা দিয়েই চলছে এ মাদক ব্যবসা।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর এলাকার ভাড়াটিয়া আকিব ও নবীর হোসেনের নামে সোনারগাঁ, সিদ্দিরগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও চোরচালানীর মামলা রয়েছে। দুইজনই একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
মাদক ব্যবসায়ী আকিবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সরকার পতনের আগে মাদক ব্যবসা করতাম এখন করি না। একটি চক্র আমাকে ফাসাঁতে এধরনের তথ্য প্রচার করতেছে। নবীর হোসেন ফেনসিডিলের ব্যবসা করলেও আমি এ ব্যবসা করিনা। তিনি মুঠোফোনে আবার কল করে প্রতিবেদকের সাথে রফাদফা করার জন্য একটু সময় বের করে যোগাযোগ করতে বলেন।
তিনি আরও বলেন, এই ব্যবসা করলে থানা পুলিশ ও ডিবি পুলিশকে ম্যানেজ করেই করতে হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) ও কাচঁপুর ইউনিয়নের বিট অফিসার সামরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি কাচঁপুর ইউনিয়ন বিট অফিসার হিসেবে গতকাল জয়েন করেছি। আমার এলাকায় কেউ মাদক ব্যবসা করে পাড় পাবেনা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, মাদকের বিষয়ে আমরা তৎপর রয়েছি। নিয়মিত অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।