
নারায়ণগঞ্জ প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর আন্দোলন করেছি নির্বাচনের জন্য। আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। কিন্তু তারা কেন জানি ধরেই নিয়েছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। এজন্যই বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের সলিমুল্লাহ সড়কে জেলা বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।
আব্বাস বলেন, বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। আর এই জনপ্রিয়তা নষ্ট করার জন্য একশ্রেণির লোক মাঠে নেমেছে। তারা বিএনপির সুনাম নষ্ট করতে চায়। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন দেশ ও জাতির শৃঙ্খলা বজায় রাখুন। কোনো অপকর্মে লিপ্ত হবেন না। অনেকেই শুনছেন না। অপকর্ম করছেন একজন আর বদনাম হচ্ছে বিএনপির।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আব্বাস বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ অতিষ্ঠ। এটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। এজন্য সরকারকে বলতে চাই, আপনারা সংস্কার সংস্কার করে কান ঝালাপালা করে দিচ্ছেন। কিন্তু কি সংস্কার করছেন জানি না। এখনো শেখ হাসিনার সিন্ডিকেট পরিবর্তন হয়নি সেই আগের সিন্ডিকেট রয়ে গেছে। সিন্ডিকেট না ভাঙলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এতে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিপু ভূঁইয়া, মাসুকুল ইসলাম রাজু,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।