
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গণশুনানি করা করেছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ শুনানিতে ৫২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। পরে বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ১০৯ জনকে অমুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জামুকা অভিযোগকারী ও অভিযুক্ত সবাইকে শুনানিতে অংশ নেওয়ার জন্য নোটিশ পাঠায়। গণ শুনানিতে ৫২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হন। বাকিরা উপস্থিত না হওয়ায় তাদের পুনরায় নোটিশ দিয়ে তাদের শুনানির জন্য ডাকা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তারা প্রাথমিক যাচাই বাছাই করে জামুকার পূনাঙ্গ সভায় উপস্থাপন করবেন। সেখানে বিষয়গুলোর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো বলেন, অভিযোগকারীর বিষয়েও তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিনা কারণে মানহানি করা হলে অভিযুক্ত ব্যক্তিও আইনের আশ্রয়ের মাধ্যমে তার বিচার দাবি করতে পারবেন।
শুনানিতে উপস্থিত ছিলেন জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন, সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান।