
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচের উদ্যোগে নাজিম মাস্টার একাদশ বনাম রিপন একাদশের ফ্রেন্ডলি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাজিম মাস্টার একাদশ। নির্ধারিত ওভারে দলটি ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আবুল বাসার রিপনের নেতৃত্বাধীন রিপন একাদশ ১১১ রানে অলআউট হয়। ফলে ৫ রানের ব্যবধানে ম্যাচে জয় পায় নাজিম মাস্টার একাদশ।
ম্যাচে সর্বোচ্চ ৬০ রান করে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আবুল হোসেন।
খেলা দেখতে মাঠে কয়েক শতাধিক দর্শকের সমাগম ঘটে এবং সবাই প্রীতি ম্যাচটি উপভোগ করেন। স্থানীয় এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহে দিনটি পরিণত হয় একটি আনন্দমুখর আয়োজন হিসেবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, “বন্ধুত্বের বন্ধনে আমরা চাই কয়েক দিন পর পর এমন প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করতে। যেখানে থাকবে শৃঙ্খলা, আয়োজন ও খেলাধুলার উত্তেজনা। এতে খেলোয়ারদের মধ্যে পারস্পরিক বন্ধন গড়ে উঠবে এবং এলাকায় খেলাধুলার চেতনাও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।