
সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আলোচিত শাওন হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদী ও তার পরিবারের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মহজমপুর বাজারে বাদীর বাবা আলী আজগরকে তুলে নিয়ে দড়ি দিয়ে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত আলী আজগর বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিগত দেড় বছর আগে আলী আজগরের ছেলে শাওনকে তুচ্ছ ঘটনায় নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত যুবক শাওনের ভাই মোতালেব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যাকান্ডে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পরবর্তীতে এই হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে এসে বিভিন্নভাবে মামলা তুলে নিতে বাদী মোতালেব ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেয়। এখন হত্যাকারীদের ভয়ে বাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছেন বাদী মোতালেব ও তার পরিবার। এরই জের ধরে আসামী লতিফ কামরুজ্জামান ওরফে কামু নেতৃত্বে জাবেদ, বাদশা, বাবুল, ফারুক, সুরুজ মিয়া, জাকির, জাহিদ, হোসেন, মারুফ, মিন্নত আলী ও হামিদুল সহ অজ্ঞাতনামা ৪/৫ জন দেশীয় অস্ত্র দা, চাপাটি, লোহার রড, লাঠি সোঠা নিয়ে মহজমপুর বাজারে গিয়ে নিহত শাওনের বাবা আলী আজগরকে একা পেয়ে হামলা করে পিটিয়ে আহত করে। আসামীরা তার ছেলে মো: মোতালেবকে তাদের নিকট নিয়া দিতে বলে। তাদের কথা মানতে অস্বীকার করায় আসামীরা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে নির্মমভাবে নির্যাতন চালায়। এ ঘটনার খবর পেয়ে প্রায় দুই ঘন্টা পর তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মহিববুল্লাহ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তালতলা ফাঁড়ির ইনচার্জকে আসামীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।