সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা থানা পুলিশের সদস্যের ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্দেরবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনার ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোনারগাঁ থানার পাশ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমান সহ দুই পুলিশ সদস্য সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায়।এসময় আসামী মহসিনকে পুলিশ গ্রেপ্তার করার পর আসামী পক্ষের দেলোয়ার, উজ্জল, লিটন দাস,বাবুল, ইকবাল সহ প্রায় ৩০/৪০ জন লোক একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়া সহ আসামী মহসিনকে ছিনিয়ে নেয়।একই সময় খাজা মিয়া নামের এক বিকাশ দোকানদারের দোকান ভাংচুর করে ও নগদ অর্থ লুট করে।পরবর্তীতে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।তবে আসামীর হাতে থাকা হাতকড়া উদ্ধার হলেও ছিনিয়ে নেওয়া আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো: রাসেদুল হাসান খান বলেন,খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় মেঘনা থানা পুলিশ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আ: করিম মুঠোফোনে বলেন,আমি শুনেছি গ্রেপ্তারকৃত আসামী উক্ত মামলার ঘটনায় জড়িত নয় দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।