
সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাইকারটেক সেতুর নিচের ডোবা থেকে সায়মা(২২) নামে এক যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত সায়মা রহমান পাবনার সুজানগর থানার দয়াল নগর গ্রামের সাইফুল ইাসলামের মেয়ে। মোগরাপাড়ার আমতলা এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতেন।তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রাসেদুল হাসান খান।
নাম প্রকাশ না করার শর্তে তার এক সহকর্মী বলেন, সে আগে স্কাইলার্ক রেস্টুরেন্ট কাজ করতো। ওই সময় রায়হান নামে একজনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে দৈহিক সম্পর্কও হয় যার কারণে সায়মা অন্তসত্বা হয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এরপর সে নারায়ণগঞ্জের একটি ছেলের সাথে সম্পর্কে জড়ায়। তারপর আমার সাথে আর কোনো যোগাযোগ নেই্।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রাসেদুল হাসান খান বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী কসটেপ পেচানো লাশটি উদ্ধার করে।বস্তাটি খোলার পর একটি যুবতীর লাশ পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে কসটেপ দিয়ে পেচিঁয়ে ডোবায় ফেলে গেছে।
তিনি আরও বলেন, বস্তাবন্দি অবস্থায় সায়মা নামের এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ পচেঁ যাওয়ায় আঘাতের চিহ্ন বুঝা যায়নি। ময়ন্তাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকান্ডের রহস্য উন্মোচন হবে।