
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের ছুরির আঘাতে ছোট ওমর ফারুক খোকা (২৭ নিহত হয়েছেন)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক খোকা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ওমর ফারুক খোকা ও তার মেঝো ভাই আক্তার হোসেনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ওমর ফারুক। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো:রাসেদুল হাসান খান।
এ ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ (খ- অঞ্চল) আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো:রাসেদুল হাসান খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাব পাড়া নিয়েই ঝগড়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িত আক্তার হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।