
সোনারগাঁ প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমরা বলেছি আগে সংস্কার করতে হবে। যদি সংস্কার কাজগুলো না করে যান তাহলে আপনি নিজেই নিজেকে অবৈধ করে দিবেন। ওয়ান এলিভেনের মত সরকার হয়ে যাবেন। এজন্য সংস্কার করাটা খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার না করলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আবার জনগনের ওপর অত্যাচার করবে। আমরা এক বিন্দুও বিশ্বাস করি না এ সমস্ত দলগুলোকে। তারা অতীতে কি করেছে তা আমরা দেখেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম নগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, আপনি দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি শুধু নির্বাচন দিয়ে দেওয়ার জন্য আসেন নাই। যদি নির্বাচনের জন্যই হতো তাহলে তিন মাসে নির্বাচন দিয়ে চলে যেতেন। তিন মাস পার করলেন আরো দেড় বছরের মতো থাকবেন।
তুষার আরও বলেন, আমরা অনেক দল দেখেছি, একটা দলতো এমনি অত্যাচার করলো যে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যে শেখ হাসিনা না পুরো একটা দল আন্ডারগ্রাউন্ড হয়েছে। অন্য যে আরো রাজনৈতিক দলগুলো আছে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, জনগনকে হুমকি ধামকি দিচ্ছে। শুধু তাই নয় সরকারকেও হুমকি ধামকি দিচ্ছে। নির্বাচন দেরিতে হবে কেনো? নির্বাচন ছাড়া তাদের পোষাচ্ছে না।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মেহেদী হাসানের বাবা সানাউল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁয়ের নেতা ইমন, পারভেজ সরকার, মোস্তাফা, সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁয়ের বিশিষ্ট লেখক খন্দকার পনির।