
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক:সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জুলাই পদযাত্রা উপলক্ষে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় তিনি এই মন্তব্য করেন।বন্যা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশে ভ্রমন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধান সংস্কার কমিটি যদি সংবিধানে না থেকে থাকে তাহলে ২৬ সালের নির্বাচন কোন সংবিধানে ছিল না। নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে।সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনাদের নেতা কর্মীদের থাকার কথা ছিল ধানক্ষেতে। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র-জনতা রাস্তায় নেমে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছেন। আর আপনারা ছাত্র-জনতা কে বৃদ্ধাঙ্গুলী দেখে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনাদের পায়ের তলায় মাটি নেই। ২০২৬ সালের এইচ এস সি পরিক্ষার্থীরা যখন দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছে তখন আপনারা আওয়ামী লীগ সরকারের মত সেখানে বিভিন্ন সন্দেহ করেন। আপনাদের ছাত্রদল শিক্ষার্থীদের মাদকাসক্ত বলে আখ্যায়িত করেছে।
শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছে। তবে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে সরে গেছে। জনগণ আন্দোলনে নামলে সরকারের পায়ের নীচে মাটি থাকবে না বলেও মন্তব্য করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোনারগাঁয়ের যিনি এমপি হয়েছেন তার ছেলে চাঁদাবাজির অভিযোগে থানায় গিয়ে মুচলেকা দিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন। বাপ হচ্ছেন এমপি ছেলে করেন চাঁদাবাজি। সারাদেশে গ্যাসের সংকট হলেও সোনারগাঁয়ে বিএনপি নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনাকারখানা নির্মাণ করে লাখ লাখ টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন।
বসুন্ধরা গ্রুপ উদ্দেশ্য করে হাসনাত বলেন, ভূমিদস্যু গ্রুপ ও মাফিয়া গ্রুপ তারা শত শত মাইল জায়গা দখল করে নিয়েছে। তাদের কিছু মাফিয়া মিডিয়া রয়েছে সেগুলো দিয়ে ভূমিদস্যু ও চাঁদাবাজদের পক্ষে রিপোর্ট করে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন মাহমুদ, সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাকিল সাইফুল্লাকে পরিচয় করিয়ে দেন।