
সোনারগাঁ প্রতিবেদক: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, এখনো দেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দলের নাম বিক্রি করে কেউ কোন অপকর্ম করলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। বিএনপি সরকার এদেশের মানুষের কল্যানে কাজ করেছে। তাই আগামী নির্বাচনে জনগন বিএনপিকে নির্বাচিত করবে।
গতকাল সোমবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের কাচঁপুরে বর্ণাঢ্য র্যালী ও সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতার ঘোষক। তিনি যদি স্বাধীনতার ঘোষনা না দিতেন তাহলে এদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারতো না। বিএনপির আমলে এদেশ সুন্দরভাবে চলছিল। বিএনপির আমলে এদেশে কোনো দুর্নাম ছিলোনা।
র্যালীতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ)আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মীরা অংশ নেন।
এসময় আর উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ পৌরসভার সাবেক কমিশনার ফারুক আহম্মেদ তপন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক নুরেই ইয়াসিন নোবেল সহ দলীয় নেতাকর্মীরা।