সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বস্তাবন্দি চাঞ্চল্যকর সায়মা আক্তার মীম (২০) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার রায়হান। জবানবন্দিতে মীমের কথিত স্বামী রায়হান স্বীকার করেন মীমের হিজাব গলায় পেচিঁয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। দুই মাস আগে বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয় মীম। একইসঙ্গে তাকে (মীম) বিয়ে করার চাপ দেওয়ায় মীমকে হত্যা করেন তিনি।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিনের আদালতের খাস কামরায় রায়হান ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো.কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জবানবন্দি শেষে আদালত রায়হানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, কুমিল্লার রায়হানের সঙ্গে মীমের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা প্রায় এক বছর ধরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার আমতলায় ফিরোজ মিয়ার বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। এ সময় মীম অন্ত:সত্ত¡া হয়ে পড়েন। গত দুই মাস আগে রায়হান আরেকজনকে বিয়ে করলে মীম বিষয়টি জানতে পারেন এবং তাকে ডিভোর্স দিতে চাপ দেন। এ নিয়েই শুরু হয় কলহ। পরে পরিকল্পিতভাবে গত ১০ অক্টোবর রাতে রায়হান মীমকে কাইকারটেক সেতুর নিচের বালুর মাঠে নিয়ে যান। সেখানে হিজাব দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হাত-পা স্কচটেপে পেঁচিয়ে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি অবস্থায় সেতুর নিচের ডোবায় ফেলে দেন।
প্রসঙ্গত: নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের কাইকারটেক সেতুর নিচের ডোবা থেকে স্কচটেপে পেচাঁনো বস্তাবন্দি সায়মা আক্তার মীমের লাশ উদ্ধার করে নৌপুলিশ। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখে পুলিশকে অবহিত করেন। বস্তা খোলার পর তরুনী লাশ পাওয়া যায়। নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে। নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধারের এক ঘণ্টার মধ্যেই নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দিন রাত দেড়টার দিকে কুমিল্লা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2026 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.